খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ ২০২৫
চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বৃহস্পতিবার (২৭ মার্চ) যোগ দেবেন। তিনি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন এবং চীনের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
শুক্রবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। তিনি হুয়াওয়ের একটি উচ্চ প্রযুক্তির প্রতিষ্ঠান পরিদর্শন করতে পারেন এবং চীনের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে পারেন।
৯ মার্চ পিকিং বিশ্ববিদ্যালয় ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। প্রধান উপদেষ্টা ওইদিনই দেশে ফিরবেন। তার সফরকালীন সময়ে বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
খবরওয়ালা/এমইউ