হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

হার্ট অ্যাটাকের পর চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একজন চিকিৎসক।

এর আগে গত ২৪ মার্চ বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ চলাকালীন ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তামিমের। সঙ্গে সঙ্গে সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে দ্রুত চিকিৎসা শুরু করা হয়, সিপিআর ও ডিসি শক দেওয়ার পর তার হার্টে রিং পরানো হয়। এরপর কেপিজে হাসপাতালের সিসিইউতে ভর্তি রাখা হয় তাকে।  

এদিকে, আলোচনায় তামিম আবারও ক্রিকেটে ফিরতে পারবেন কি না। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এ প্রসঙ্গে বলছিলেন, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার পর বলতে পারবে।’

তামিমের জীবনযাপনের ধরনে পরিবর্তনের পরামর্শ নিয়ে তিনি বলছিলেন, ‘এমন হার্ট অ্যাটাকের পর এসব রোগীদের খুবই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে। ব্লক না হলেও হতে পারে। তাই ওনাকে অ্যাসেস করতে হবে, নিয়মিত ফলোআপে থাকতে হবে। লাইফস্টাইল বদলাতে হবে, মোটিভেশন করতে হবে। ডায়েট, ডিসিপ্লিন —তামিমের টিম ও তামিমের পরিবার এবং তামিমকে নিজেরও আমাদের সঙ্গে কো-অপারেট করতে হবে।’

এদিকে, শরীরের পাশাপাশি মানসিক ধকল কাটিয়ে উঠতে মনোবিদ নিয়োগ দেওয়া হয়েছে। তারা তামিমের মানসিক অবস্থার জন্য কাউন্সেলিং করবেন। কিভাবে মানিয়ে নেওয়া যায় সবকিছু, সেসব দিক নির্দেশনা দেবেন।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।