খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ই মার্চ ২০২৫, ১১:২১ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় গ্রেফতারের পর জামিনে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করেছেন সাইফুল ইসলাম এরশাদ (৪০) নামের এক যুবক ।
শুক্রবার (২৮ মার্চ) রাতে গোসলের ৫১ সেকেন্ডের একটি ভিডিও এরশাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে এক নারী বালতি থেকে মগে করে দুধ নিয়ে সাইফুল ইসলাম এরশাদের মাথায় ঢেলে গোসল করিয়ে দিচ্ছেন। দুধের সঙ্গে গোলাপ ফুলের পাপড়িও রয়েছে। ভিডিওতে কোনো ক্যাপশন না দিলেও ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হিন্দি ‘ও মা শুকরিয়া, যভি তুনে কিয়া’ গানটি জুড়ে দিয়েছেন এরশাদ।
জানা গেছে, গত ৪ আগস্ট রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদকে গত ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে সদরের কামালদিয়া এলাকা থেকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরদিন ২০ ফেব্রুয়ারি তাকে আদালতে পাঠানো হলে তার পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন।
তবে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি জেলা কারাগারে বন্দি ছিলেন। বুধবার (২৬ মার্চ) জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান এরশাদ।
বিষয়টি নিয়ে কথা বলতে সাইফুল ইসলাম এরশাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার মা মানত করেছিলেন জামিন পেলে দুধ দিয়ে গোসল করাবেন। এজন্য ২৬ মার্চ বিকেলে জামিনে জেল থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পর আমার মা খুশি হয়ে দুধ দিয়ে গোসল করিয়েছেন।’
খবরওয়ালা/এমএজেড
মন্তব্য