খবরওয়ালা মফস্বল ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ ২০২৫
লক্ষ্মীপুরে হাসপাতালের দিকে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ হারিয়েছেন জুথী আক্তার (২০) এবং তার দেড় বছর বয়সী ছেলে সিয়াম। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী শরিফ হোসেনসহ আরও তিনজন।
।শনিবার (২৯ মার্চ) সকালে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল এবং নিহত জুথীর বাবা রহমত উল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শাকচর ইউনিয়নের কাচারিবাড়ি এলাকায় শাহী পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুথী ছিলেন সদর উপজেলার শাকচর ইউনিয়নের জব্বার মাস্টারহাট এলাকার কুয়েত প্রবাসী শরীফ হোসেনের স্ত্রী এবং নিহত সিয়াম তাদের ছেলে। আহতদের মধ্যে ছিলেন শরীফের ভাগিনা রাজা মিয়া এবং অটোরিকশাচালক। তবে চালকের নাম এখনও জানা যায়নি। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত জুথীর বাবা রহমত উল্যার সঙ্গে কথা বলে জানা গেছে, জুথীর বুকে ব্যথা উঠলে তাকে অটোরিকশায় করে সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। রিকশায় চালকসহ তার স্বামী শরীফ, ছেলে সিয়াম এবং ভাগিনা রাজা ছিলেন। ঘটনাস্থলে, চেয়ারকোচ জোনাকি বাসকে ওভারটেক করার সময় শাহী পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার সবাই আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন, অন্যদেরকে ঢাকায় পাঠানো হয়। শিশুশিল্পী সিয়াম ঢাকা নেওয়ার পথে মারা যায়। জুথী এবং তার ছেলের মৃতদেহ সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামে বাবার বাড়িতে নেওয়া হয়েছে।
সদর থানার ওসি মো. আব্দুল মোন্নাফ বলেন, এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খবরওয়ালা/এমবি