খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ মার্চ ২০২৫
দিনাজপুরে এশিয়ার বৃহত্তম ঐতিহাসিক গোর-এ-শহীদ ঈদগাহ ময়াদান ঈদুল ফিতরের জামাতের জন্য সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রস্তুত করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) ময়দানের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
ঈদের দিন সকাল ৯টায় জামায়াত অনুষ্ঠিত হবে। এবার ইমামতি করবেন মাওলানা মো. মাহফুজুর রহমান। তিনি মাদরাসা আননুজুম’র প্রধান।
জেলা প্রশাসন সূত্র বলছে, এবারও সর্বোচ্চ সংখ্যক মুসল্লির নামাজ আদায়ে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঈদের দিন সকাল নয়টায় জামাত অনুষ্ঠিত হবে। পূর্ব পশ্চিমে ১১০০ ফিট ও উত্তর-দক্ষিণের পশ্চিমাংশে ৯১৬ ফিট এবং পূর্ব দিকে উত্তর দক্ষিণে ১০৩০ ফিট এই ময়দানে এবার ১৯২টি কাতারের জন্য চুন দিয়ে দাগ টানা হয়েছে। একটি কাতারে ৫ থেকে ৬০০ মুসুল্লি নামাজ আদায় করতে পারবেন। ময়দানটি যদি পুরোপুরি ভরে তাহলে লক্ষাধিক মুসুল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
স্থানীয়রা বলেন, ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে ছোট পরিসরে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৫ সালে সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম এই মাঠে ঈদগাহ মিনার নির্মাণের পরিকল্পনা করেন। ঈদগাহ মিনারটি নির্মাণ করা হয়েছে মোগল স্থাপত্য রীতিতে। ৫২ গম্বুজ বিশিষ্ট ঈদগাহ মিনারের দুই প্রান্তে দুটি মিনারের উচ্চতা ৬০ ফুট। মাঝের দুটির উচ্চতা ৫০ ফুট। টাইলস করা মেহেরাবের উচ্চতা ৪৭ ফুট। এতে খিলান আছে ৩২টি। প্রতিটি গম্বুজে আছে বৈদ্যুতিক বাতি।
মাঠ পরিদর্শনে করে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানান, গোর-এ শহীদ ময়দান ঈদের নামাজের জন্য প্রস্তুত। এরইমধ্যে আমরা একাধিক মিটিং করেছি। আশা করছি সর্বোচ্চ উপস্থিতির মধ্য দিয়ে এবার ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, এবার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাড়ে ৩০০ পুলিশসহ আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। মাঠের প্রস্তুতি চমৎকার রয়েছে।
খবরওয়ালা/এমইউ