বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে ইজিবাইকচালক, পাঁচ দিন পর মৃত্যু

বগুড়ায় ইজিবাইক ছিনতাইয়ের পর ‘অজ্ঞান পার্টির’ সদস্যরা এক চালককে অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে গিয়েছিলেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ওই ইজিবাইকচালক শনিবার (২৯মার্চ) সকাল ১০টার দিকে মারা গেছেন।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপপরিচালক আবদুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই চালকের নাম আবেদ আলী মণ্ডল (৪৫)। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হোপ গ্রামের বাসিন্দা। ২৪ মার্চ রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকা থেকে অজ্ঞান অবস্থায় আবেদ আলীকে উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ২৪ মার্চ রাত ৮টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে মোসলেমগঞ্জ হয়ে বগুড়ার কিচক বাজারের উদ্দেশে আসছিলেন চালক আবেদ আলী। যাত্রীবেশী ওই ব্যক্তিরা ছিলেন ‘অজ্ঞান পার্টির’ সদস্য। পথে তাঁরা আবেদ আলীকে অজ্ঞান করে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় ফেলে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন পরে আবেদ আলীকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।