খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪

ঢাকা অফিস ॥ চাঁদপুরের ফরিদগঞ্জে রূপসা এলাকায় কুকুরের প্রাণ বাঁচাতে পাশ কাটিয়ে যাওয়ার সময় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে এই ঘটনা ঘটে। অটোরিকশা চালক মো. শাহ আলম ফরিদগঞ্জ পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের ব্যাপারীবাড়ির মৃত আইউব আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি তিনজন যাত্রী নিয়ে রূপসা বাজারে দিকে যাচ্ছিলেন। এ সময় সড়কে থাকা একটি কুকুরকে পাশ কাটাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা খায় অটোরিকশাটি। তাতে অটোরিকশাচালক শাহ আলমসহ অন্য যাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।