ঢাকা বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে যৌন হয়রানি, হেনস্তা ও মারধরের অভিযোগে প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানসহ (২৫) তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশান (২৫), মো. রাইসুল ইসলাম (২১), মো. কাউসার হোসেন (২১)।
সনদ বড়ুয়া বলেন, বুধবার (২ এপ্রিল) রাতে রাজধানীর রামপুরা এলাকায় যৌন হয়রানি সংক্রান্ত একটি ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে তা ব্যাপকভাবে চাঞ্চল্যকর সৃষ্টি করে। এ বিষয়ে ঢাকা মহানগরীর রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় উল্লিখিত এজাহার নামীয় ও অজ্ঞাতনামা অভিযুক্তদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা দল মাঠ পর্যায়ে কাজ শুরু করে।
তিনি বলেন, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এই মামলার প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানকে (২৫), বৃহস্পতিবার (৩ এপ্রিল) গভীর রাতে রাজধানীর রামপুরা থানার মেরাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর রমনা থানার বেইলি রোড এলাকা থেকে মো. রাইসুল ইসলামকে (২১) এবং শ্যামপুর থানার গেন্ডারিয়া এলাকা থেকে মো. কাউসার হোসেনকে (২১), আজ সকালে গ্রেপ্তার করা হয়।
আসামিদের রামপুরা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এর আগে গতকাল, বুধবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে বনশ্রীর ই-ব্লকের তিন নম্বর সড়কের একটি জুসের দোকানের সামনে এক নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠে। এ সময় নারী সাংবাদিক ও তার ছোট ভাই রিশাদকে মারধরের অভিযোগ আনা হয়। এ ঘটনায় ভুক্তভোগী রামপুরা থানায় সোয়েব রহমান জিসানের (২৫) নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী নারী সাংবাদিক জানান, ছোট ভাই রিশাদকে নিয়ে বনশ্রী ই-ব্লকের তিন নম্বর রোডের মুখে একটি জুসের দোকানে ছিলাম। এ সময় কয়েকজন স্থানীয় যুবক আমাকে উত্যক্ত করতে শুরু করে। আমার ভাই প্রতিবাদ করলে তারা প্রথমে তাকে মারধর করে। আমি বাধা দিতে গেলে তারা আমাকেও শ্লীলতাহানি করে এবং কিল-ঘুষি মারে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী সাংবাদিক নিজের ফেসবুকে অভিযুক্তদের ছবিসহ একটি স্ট্যাটাস দেন। ওই পোস্টে তিনি ঘটনার বর্ননা দেন। একই সঙ্গে সাধারণ নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।
খবরওয়ালা/এমইউ



