খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই হবে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক। শফিকুল আলম বাসসকে জানান, বাংলাদেশ ও ভারতের সরকারপ্রধানের মধ্যে আগামীকাল (আজ শুক্রবার) বৈঠক হবে। তিনি জানান, ব্যাংককে বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তাঁরা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় একটি সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঢাকা অনুরোধ করায় বৈঠকটি ‘আলোচনার পর্যায়ে’ রয়েছে। ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, এ দুই নেতা আজ শুক্রবার বিকেলে শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পরপরই বৈঠক করবেন।
এর আগে, ২০২২ সালে কলম্বোয় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে নেতারা বিমসটেক সনদ গ্রহণ করেন। এই সনদ এটিকে একটি গোষ্ঠী থেকে একটি আঞ্চলিক সংস্থায় রূপান্তরিত করার প্রক্রিয়া সম্পন্ন করে। সার্ক এখন ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পৃক্ততা না থাকায় অকার্যকর হয়ে পড়েছে, ভারতীয় সরকার আঞ্চলিক বাণিজ্য, সংযোগ ও নিরাপত্তার বিকল্প হিসেবে বিমসটেককে উৎসাহিত করছে। কলম্বো শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মোদি পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে একটি বিমসটেক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-এর জন্য চলমান আলোচনা দ্রুত করার আহ্বান জানিয়েছিলেন।
খবরওয়ালা/ এমএজেড