নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এবং প্রতিপক্ষের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি পরিবারের বাড়িঘর ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সলিমগঞ্জ-বাড্ডা ও বাড়াইল গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বাড়াইলের আনোয়ার হোসেন, ইসাক মিয়া ও বাড্ডা গ্রামের সোহাগ মিয়া, শাহিন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সন্ধ্যায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন একে অপরের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়া বাড়ি ঘরে ।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় ,তাই পরবর্তীতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, যে কোনো মুহূর্তে আবারও সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। যৌথ বাহিনী পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় টহল জোরদার করেছে।
এ বিষয়ে নবীনগর থানা অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বাড়াইল ও বাড্ডা গ্রামের মাঝে সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী সহ আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে এই ঘটনাই নবীনগর থানায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।
খবরওয়ালা/এসআর