খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল ২০২৫
চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক নারী পোশাককর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহরের বাকের আলী ফকিরের টেক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নারীর নাম চাঁদনী খাতুন (২২)। তাঁর বাড়ি খুলনার দাকোপ উপজেলার খাজুরিয়া গ্রামে। পিতার নাম চাঁনসিয়া মাতবর এবং মাতার নাম আকলিমা বেগম। চাঁদনী নগরীর এভারটুবি লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ বিজয় গণমাধ্যমকে জানান, বিকেল পাঁচটার দিকে চাঁদনীকে এক ব্যক্তি ছুরিকাঘাত করে পালিয়ে যান। তিনি বলেন, ‘আমি হামলাকারীর চেহারা দেখিনি, তবে দৌড়ে পালাতে দেখেছি। আশপাশের কেউই তাকে আটকাতে পারেনি।’
পরে স্থানীয়রা চাঁদনীকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন। তিনি জানান, চাঁদনী খাতুন ভাড়া বাসায় বসবাস করতেন। এখনো হত্যাকারীর পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে।
নৃশংস এই হত্যাকাণ্ড ঘিরে এলাকাজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, হত্যার পেছনে কোনো ব্যক্তিগত বিরোধ বা পূর্বপরিকল্পিত কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
খবরওয়ালা/আরডি