খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫
আজ বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা)-এর আয়োজনে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হবে। এ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের ছয় শতাধিক বিনিয়োগকারী অংশগ্রহণ করছেন।
রবিবার (৬ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিডার আয়োজনে এই সম্মেলন চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
আগামী ৯ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করবেন। শুধু তাই নয়, তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৃথকভাবে বড় বড় বিনিয়োগকারীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামীকাল থেকে শুরু হওয়া চার দিনব্যাপী (৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল) বিনিয়োগ সম্মেলন-২০২৫ বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিনিয়োগ সম্মেলন।
ফলে এ সম্মেলনকে ঘিরে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাদের অনেকের প্রশ্ন, বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ কত মিলিয়ন বা বিলিয়ন ডলারের বিনিয়োগ গ্যারান্টি পেয়ে যাবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিকুর রহমান বলেছেন, বাংলাদেশে বিনিয়োগকারীদের জন্য ১০/১২ বছরের কর অব্যাহতির সুযোগসহ বিভিন্ন সুযোগ-সুবিধার প্রদানের ব্যবস্থা রয়েছে। তবু কেন বিনিয়োগ হচ্ছে না? কারণ একজন বিনিয়োগকারী যখন একটি দেশে বিনিয়োগের চিন্তা করেন তিনি যে পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন তা ফেরত পাবেন কি না, বিনিয়োগ করতে কত সময় লাগবে, বিনিয়োগ করার জন্য সরকারের কাছ থেকে যথেষ্ট সহায়তা পাবেন কি না তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। আমরা যখন তাদের এসব ব্যাপারে আশ্বস্ত করতে পারবো তখন তাৎক্ষণিক না হলেও ও ভবিষ্যতে বিনিয়োগ বাড়বে।
বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি বিনিয়োগকারীদের কাছে আগামী ১০ বছরে বিনিয়োগের কতটুকু সম্ভাবনা রয়েছে তা তিনি তুলে ধরবেন।
চারদিনের বিনিয়োগ সম্মেলনে যা থাকছে:
প্রথম দিনের দুটি ট্র্যাকে অনুষ্ঠানটি হবে। প্রথম ট্র্যাকে ৬০ জনের বেশি বিদেশি বিনিয়োগকারীকে নিয়ে স্পেশাল ফ্লাইট চট্টগ্রাম যাবে। সেখান থেকে কোরিয়ান ইপিজেড ও মিরেরসরাইতে স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করে রাতে ফিরে আসবে।
সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টার্টআপ কানেক্ট নামে সারাদিনের অনুষ্ঠান সূচি রয়েছে। সেখানে যারা আরলি স্টেজ স্টার্টআপ এবং যেসব ভেঞ্চার বিনিয়োগকারী আসছেন তাদের মধ্যে ম্যাচ মেকিং ইভেন্ট, নেটওয়ার্কিং ও প্যানেল হবে। সারাদিন স্টার্টআপ ইভেন্টকে ফোকাস করা হবে।
৮ এপ্রিল (মঙ্গলবার) প্রথম বেলায় বিনিয়োগকারীদের নারায়ণগঞ্জের আড়াইহাজারে (যেখানে জাপানি ইকোনমিক জোন রয়েছে) সরেজমিন পরিদর্শন করে সেখানকার ফ্যাক্টরির মালিকদের সঙ্গে কথা বলে কী ধরনের কর্মকাণ্ড হচ্ছে তা বুঝে তাদের বিনিয়োগের জন্য কতটুকু সুযোগ সুবিধা রয়েছে তা দেখবেন।
দ্বিতীয় ধাপে বিশ্ব ব্যাংক ও আইএলও’র সাথে কিছু এংগেজমেন্ট আছে। তারা এফডিআই রিলেটেড কিছু ব্যাপারে আলোচনার মাধ্যমে ভবিষ্যতে বিনিয়োগের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।
৯ এপ্রিল (বুধবার) উদ্বোধনী অনুষ্ঠান হবে। সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত উদ্বোধনের অনুষ্ঠানটুকু ছাড়া সারা দিনই একাধিক (৩/৪টা) প্যারালাল অনুষ্ঠান চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে কিছু বিনিয়োগকারীকে পুরস্কৃত করা হবে। একই সঙ্গে কিছু সংখ্যক বিদেশি বিনিয়োগকারী বক্তব্য প্রদান করবেন। সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করবো আর কী করলে বাংলাদেশ বিনিয়োগের জন্য বেটার ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠা পাবে।
পরবর্তী সময়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইয়ুথ এন্টারপ্রেনিয়রশিপ মেলার আয়োজন থাকবে। উপদেষ্টা সেখানে আরলি স্টেজ কোম্পানির সাথে কথা বলবেন।
দ্বিতীয় ধাপে রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা হবে। বেশ কয়েকটি কোম্পানির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তারা ইনভেস্টমেন্ট প্রমিস করলে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে।
১০ এপ্রিল (বৃহস্পতিবার) বিনিয়োগকারীদের সাথে বিভিন্ন বিষয়ে ফলোআপ কথাবার্তা হবে ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে ফুটিয়ে তোলা হবে।
বিনিয়োগ সম্মেলনে শীর্ষ বিনিয়োগকারী যারা আসছেন:
সামিটে বিশ্বের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্বরা অংশ নেবেন। তাদের মধ্যে আছেন- জারা গ্রুপের সিইও অস্কার গার্সিয়া মেসেইরাস, ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইয়েম, ব্রিটিশ ব্যারোনেস রোজি উইন্টারটন, স্যামসাং সি অ্যান্ড টি-র ভাইস প্রেসিডেন্ট কিয়ংসু লি, গিওর্দানোর সিইও জুনসিওক হান, এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট স্টিভেন কোবোস, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উবারের পাবলিক পলিসি প্রধান মাইক অর্গিল এবং মেটার পাবলিক পলিসি ডিরেক্টর সারিম আজিজ।
এছাড়াও বি ক্যাপিটাল, গবি, কনজাংশন, মারুবেনি এবং জি এফআর-এর মতো ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলো স্টার্টআপ বিনিয়োগ ও ডিজিটাল অর্থনীতির প্রসারে কাজ করবে।
দেশি-বিদেশি পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা পুরস্কার প্রদান করা হবে:
আগামী ৯ এপ্রিল বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেশি ও বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে থেকে পাঁচজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা পুরস্কার প্রদান করা হবে। তাদের হাতে পুরস্কার তুলে দেবেন অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
৬ এপ্রিল (রোববার) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান।
তিনি জানান, যাদের সম্মাননা পুরস্কার প্রদান করা হবে তারা হলেন একজন স্থানীয় বিনিয়োগকারী, একজন বিদেশি বিনিয়োগকারী, এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স (ইএসজি) এর জন্য একটি সংস্থা, নতুন কোনো কিছু উদ্ভাবনের জন্য একটি কোম্পানিকে পুরস্কৃত করা হবে। এছাড়া বাংলাদেশে বছরের পর বছর কাজ করছেন এমন একজন বিদেশি বিনিয়োগকারীকে সম্মাননা পুরস্কারের পাশাপাশি অনারারি সিটিজেনশিপ অফার করা হবে।
খবরওয়ালা/এমইউ