খবরওয়ালা মফস্বল ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কক্সবাজারে কেএফসি, পিৎজা হাট ও পানসিসহ মোট পাঁচটি রেস্তোরাঁয় ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার (৭ এপ্রিল) ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ, ক্লাস বর্জন ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়। এর অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা এলাকায় একদল তরুণ বিক্ষোভে অংশ নিয়ে উল্লিখিত রেস্তোরাঁগুলোতে ভাঙচুর করে।
এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া এক কলেজ শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, ‘আজ থেকে কক্সবাজারে কোনো ইসরায়েলি পণ্য চলবে না। যেখানে এসব পণ্য থাকবে, সেখানেই আমরা প্রতিরোধ গড়ব।’
আরেকজন শিক্ষার্থী বলেন, ‘আমাদের এই প্রতিবাদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সবাইকে আহ্বান জানাই—ইসরায়েলকে অর্থ সহায়তা করে এমন সব পণ্য বর্জন করুন। এই অর্থ দিয়েই আমাদের ভাইবোনদের হত্যা করা হচ্ছে।’
কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল গণমাধ্যমকে জানান, ইসরায়েলি পণ্য রাখার অভিযোগে কেএফসি, পিৎজা হাটের পাশাপাশি কাঁচা লংকা, পানসি রেস্টুরেন্ট এবং মেরিন ফুড রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়েছে।
তিনি বলেন, আমরা ইসরায়েলের পণ্য যত সম্ভব বর্জন করছি। তারা যদি সাইনবোর্ড নামিয়ে ফেলতে বলত তাহলে সুন্দর একটা সমাধান হতো। ভাঙচুর চালিয়ে পর্যটকদের আহত করা অশনি সংকেত।
ঘটনার বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, ‘গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কক্সবাজারে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়। তবে মিছিল সুগন্ধা এলাকায় পৌঁছালে পেপসি ও কোকাকোলার সাইনবোর্ড দেখে উত্তেজিত হয়ে কিছু যুবক ভাঙচুর চালায়। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়।’
খবরওয়ালা/আরডি