খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল ২০২৫
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) নামে একটি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে। বুধবার (৯ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএমজেপির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মণ্ডলের কাছে নিবন্ধন সনদ তুলে দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
নতুন দলের প্রেসিডেন্ট সুকৃতি কুমার মণ্ডল বলেন, ‘২০১৮ সালে নিবন্ধন পেতে আবেদন করেছিলাম, তবে বিশেষ কারণে সে সময় নিবন্ধন পাইনি। বাছাই পর্বে আমরা ছিলাম, কিন্তু দুটি দল নিবন্ধন পেয়েছিল। তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘আজ কাঙ্ক্ষিত নিবন্ধন সনদ পেলাম, এটি আমাদের জন্য একটি স্বপ্ন পূরণের মতো। ৫৪ বছর বয়সে আমরা রাজনীতির স্বাদ নিতে যাচ্ছি। বাংলাদেশে প্রায় ৩ কোটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছে। আজ আমরা রাজনীতি করার অধিকার পেলাম। আমাদের সমর্থন ইউনিয়ন পর্যায় পর্যন্ত রয়েছে এবং আমাদের প্রতীক রকেট।’
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) ২০১৭ সালে আত্মপ্রকাশ করেছিল। একাদশ সংসদ নির্বাচনে তারা আবেদন করলেও বাছাই পর্ব পার করতে পারেনি এবং পরে আদালতের শরণাপন্ন হয়। গত ১১ ফেব্রুয়ারি, হাইকোর্ট ইসিকে বিএমজেপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেয়।
ছাত্র-জনতার আন্দোলন, আওয়ামী লীগ সরকারের পতনের পর, এবি পার্টি, গণ অধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য, এবং গণসংহতি আন্দোলনও নিবন্ধন পেয়েছে।
ইসি’র নতুন কমিটি, এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে, আদালতের আদেশের পর বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পর বিএমজেপি দ্বিতীয় দল হিসেবে নিবন্ধন পেল। এর ফলে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা এখন ৫০-এ দাঁড়াল।
এদিকে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, গত মার্চে ইসি নতুন দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। ২০ এপ্রিলের মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে।
খবরওয়ালা/আরডি