ভালুকায় বাস তল্লাশিতে মানুষের খুলি-হাড় উদ্ধার, পাচারচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় ঢাকাগামী একটি বাসে পুলিশ তল্লাশির সময় একটি সন্দেহজনক ব্যাগে মানুষের মাথার খুলি ও হাড় পেয়েছে। এ ঘটনায় পুলিশ পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ সদরের চরকালিবাড়ী এলাকার মো. সাইফুল (৪৫), সুতিয়াখালী গ্রামের ফারুক হোসেন (৪৮) ও শেরপুরের শ্রীবর্দী উপজেলার মাটিয়াকুড়া গ্রামের আলমগীর হোসেন (২৪)।

পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার (২০ এপ্রিল) রাত একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজারে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশি চলছিল। এ সময় শেরপুর থেকে ঢাকা যাওয়ার পথে ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন পরিবহনের একটি বাসে একটি সাদা-কালো ট্রাভেল ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হয়।

সন্দেহভাজন মো. সাইফুল ব্যাগে অর্জুন গাছের ছাল থাকার কথা জানালেও, গন্ধের উত্‍স খুঁজতে ব্যাগটি খুলতেই বেরিয়ে আসে মানবদেহের কঙ্কাল। ব্যাগের মধ্যে তিনটি মাথার খুলি, ২৮টি বড় হাড়, একটি মেরুদণ্ডের হাড় এবং মৃত মানবদেহের বিভিন্ন অংশের ৫০টি টুকরা পাওয়া যায়। এরপর সাইফুলের সঙ্গে থাকা ফারুক ও আলমগীরকেও আটক করা হয় এবং বাসটিকে জব্দ করা হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা শেরপুরে বিভিন্ন কবর থেকে এসব মানবদেহের অংশ সংগ্রহ করে ঢাকা নিয়ে যাচ্ছিলেন। মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন ১৯৯৯-এর ১০ ধারায় তাঁদের বিরুদ্ধে ভরাডোবা হাইওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, তল্লাশির সময় গন্ধ পাওয়া যায় এবং পরে ব্যাগ খোলার পর মানবদেহের কঙ্কাল উদ্ধার করা হয়। তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।