ঢাকা-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত নিউমার্কেট, ৪ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক

রাজধানীর নিউমার্কেট এলাকায় মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর থেকে শুরু হওয়া সংঘর্ষের পর প্রায় চার ঘণ্টা ধরে থমথমে পরিস্থিতি বিরাজ করে। তবে বিকেল চারটার দিকে দুই পক্ষের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে ফিরে গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

উল্লেখ্য, দুপুরে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তার মাঝখানে অবস্থান নেয়, আর সিটি কলেজের শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে গেটের সামনে জড়ো হয়। তখনই শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ।

পুলিশ উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে সায়েন্স ল্যাব মোড়ে মোতায়েন করা হয়। বেলা পৌনে তিনটার দিকে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ।

সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার ধানমন্ডিতে এক শিক্ষার্থীকে মারধর করে কিছু যুবক, যাদের মধ্যে একজন সিটি কলেজের শিক্ষার্থী বলে দাবি করা হয়। পূর্বশত্রুতার জেরে সিটি কলেজের একটি গ্রুপ এই হামলার সঙ্গে জড়িত বলেও অভিযোগ উঠে।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সিটি কলেজের সামনে জড়ো হন। শিক্ষকরা চেষ্টা করেও তাদের থামাতে পারেননি। সেসময় সিটি কলেজের গেটে ইটপাটকেল ছোড়ার ঘটনাও ঘটে।

সন্ধ্যা নাগাদ পরিস্থিতি শান্ত হলেও এলাকাজুড়ে ছিল থমথমে অবস্থা। সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৮ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে নিউমার্কেট ও আশপাশের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল এবং যান চলাচলও বন্ধ হয়ে যায়। তবে বিকেলে শিক্ষার্থীদের সরে যাওয়ার পর কিছুটা স্বস্তি ফেরে নিউমার্কেট এলাকায়।

এদিকে সংঘর্ষ  সহিংসতা ও উত্তেজনা এড়াতে আগামী বুধবার ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ এপ্রিল) সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম মোবারক হোসাইন এই ঘোষণা দেন।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।