চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১০

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

এতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেনি তারা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের বিরুদ্ধে চলমান অভিযানের প্রতিবাদে চালকরা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

চালকরা সড়ক ছেড়ে পাশের অলিগলিতে অবস্থান নিয়ে সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকেন। পরে পুলিশ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এসময় আরাকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান নেন।

চট্টগ্রাম রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আল কাদেরী জয় বলেন, ‘আজ আমাদের কোনো কর্মসূচি ছিল না। তবে সাম্প্রতিক অভিযানে কয়েক হাজার রিকশা ও ইজিবাইক জব্দ হওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন। এটা তাদের জীবিকার বিষয়। কিন্তু সরকার এখনো এই যানবাহনের চলাচল নিয়ে কোনো নীতিমালা প্রণয়ন করেনি। ফলে পুলিশ যত্রতত্র রিকশা জব্দ করে চালকদের হয়রানি করছে।’

চট্টগ্রাম নগরে বর্তমানে আনুমানিক দেড় লাখ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচল করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠন। তবে এসব যানবাহনের জন্য সুস্পষ্ট নীতিমালা না থাকায় বারবার উত্তেজনা তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘এখন কথা বলার পরিস্থিতি নেই। আমরা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।