গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবিরের দুই দিনের রিমান্ড মঞ্জুর

গাইবান্ধা সদর আসনের সাবেক এমপি শাহ সারোয়ার কবিরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রিমান্ড আদেশ মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান তালুকদার বলেন, জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় সাবেক এমপিকে আদালতে তোলা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (উপপরিদর্শক) মনিরুজ্জামান। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত ১৫ এপ্রিল রাতে দিনাজপুরে পুলিশের হাতে আটক হন শাহ সারোয়ার কবির। পরদিন তাঁকে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় তাঁর আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেলে শহরের সার্কুলার রোডে জেলা বিএনপির কার্যালয়ে ঢুকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কার্যালয়ে হামলা চালান। হামলাকারীরা দরজা-জানালাসহ ভেতরের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পরে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং ভাঙচুর করা আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেন।

এ ঘটনায় ২৬ আগস্ট সদর থানায় একটি মামলা করা হয়। মামলায় শাহ সারোয়ার কবিরসহ ১১৪ জনের নাম উল্লেখ এবং ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। বিস্ফোরকদ্রব্য আইনে মামলাটি করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই।

উল্লেখ, শাহ সারোয়ার কবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।