পাঁচ গোলের থ্রিলারে রিয়ালকে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সা

এল ক্লাসিকো মানেই উত্তাপ, উন্মাদনা আর রোমাঞ্চ আর এ সবকিছু মিলিয়ে ফাইনালটা হলো ফাইনালের মতো করেই। পাঁচ গোলের এক নাটকীয় থ্রিলারে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোপা দেল রের শিরোপা নিজেদের করে নিয়েছে বার্সেলোনা।

ম্যাচের আগে রেফারি নিয়ে কম বিতর্ক হয়নি। ম্যাচের পরেও থাকল সেই বিতর্কের রেশ। রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে অতিরিক্ত সময়ের শেষ দিকে লাল কার্ড দেখেন রিয়াল ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। যদিও মাঠে নয়, ডাগআউটে ছিলেন তিনি। তবে ততক্ষণে রিয়াল ম্যাচ থেকে পুরোই ছিটকে গেছে। অথচ কী দারুণভাবেই না ঘুরে দাঁড়িয়েছিল তারা।

এর আগে লা কার্তুহা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বার্সা। ২৮ মিনিটে লামিনে ইয়ামালের পাস থেকে পেদ্রির গোলেই এগিয়ে যায় তারা। প্রথমার্ধে একবার বল জালে পাঠানো ও একটি পেনাল্টির সুযোগ পেলেও, অফসাইডের কারণে দুটিই বাতিল হয় রিয়ালের।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি হিসেবে মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর আগমনে গতি ফেরে রিয়ালের আক্রমণে। ৭০ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক শটে ম্যাচে সমতা আনেন এমবাপ্পে। এরপর ৭৭ মিনিটে চুয়োমেনির হেডে এগিয়েও যায় রিয়াল।

তবে ৮৪ মিনিটে ফেরান তোরেসের গোলে ম্যাচে ফেরে বার্সেলোনা। ইয়ামালের পাসে দুর্দান্ত ফিনিশিংয়ে কোর্তোয়া ও রুডিগারকে ছিটকে দেন তিনি।

ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে পেনাল্টি পেলেও ভিএআরের সহায়তায় বার্সাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেন রেফারি। অতিরিক্ত সময়ে ম্যাচ চলে গেলে রিয়ালকেই বেশি আক্রমণাত্মক মনে হচ্ছিল।

কিন্তু ১১৬ মিনিটে লুকা মদ্রিচের ভুল পাস কুন্দের পায়ে পড়তেই ইতিহাস লিখে দেন এই ডিফেন্ডার। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক মাটি কামড়ানো শটে জয় নিশ্চিত করেন তিনি। এর আগে অতিরিক্ত সময়েই রেফারির এক সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে লাল কার্ড দেখে মাঠের বাইরে থাকা রুডিগার।

শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে রেকর্ড ৩২তম বার কোপা দেল রে শিরোপা জিতে নেয় বার্সেলোনা। তবে এখানেই শেষ নয়—হান্সি ফ্লিকের দলের চোখ এখন ট্রেবল জয়ের দিকে। সামনে রয়েছে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের লড়াই।

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।