খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ মে ২০২৫
ঢাকার জাতীয় নাট্যশালায় শুক্রবার (২ মে) সন্ধ্যায় অনুষ্ঠিত হলো রুশ ধ্রুপদী সংগীতের এক অভিজাত পরিবেশনা—‘রাইজিং স্টারস কনসার্ট’।
রুশ হাউস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এই সংগীত সন্ধ্যায় পিয়ানোর বিষণ্ন সুর ও অপেরার প্রেমময় আবহ মিলেমিশে এক অন্যরকম অভিজ্ঞতা উপহার দেয় দর্শকদের।
চাইকোভস্কি মস্কো স্টেট কনজারভেটরির সহায়তায় আয়োজিত এই আয়োজনে পরিবেশনা করেন তিন উদীয়মান রুশ সংগীতশিল্পী: স্তানিস্লাভ চেরনুখিন (গ্র্যান্ড পিয়ানো), কারিনা খোভালিগ (সোপ্রানো) এবং মিখাইল লোগিনভ (বারিটোন)।
রাশিয়া ও বিশ্বখ্যাত ধ্রুপদি অপেরার কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন কারিনা ও মিখাইল। তাঁদের কণ্ঠে উচ্চারিত হয় যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর নিঃসঙ্গতা, বিষাদ ও ভালোবাসার গভীর অনুভূতি। কনসার্টের বিশেষ আকর্ষণ ছিল যুদ্ধকালীন জনপ্রিয় গান ‘স্মুগল্যাঙ্কা’, যেটিতে পিয়ানোয় সুর তোলেন স্তানিস্লাভ চেরনুখিন। তাঁর সুরে মিলেমিশে যায় প্রেম, বেদনা ও ইতিহাসের প্রতিধ্বনি।
‘রাইজিং স্টারস’ রুশ ওয়ার্ল্ড ফাউন্ডেশনের একটি প্রকল্প, যা রাশিয়ার প্রতিভাবান সংগীতশিল্পীদের বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পরিচালিত হচ্ছে। এর পেছনে সহযোগী হিসেবে রয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও চাইকোভস্কি কনজারভেটরি। বিভিন্ন দেশে পরিবেশনা ও মাস্টারক্লাসের মাধ্যমে রুশ সংস্কৃতি ও শিক্ষার সৌন্দর্য তুলে ধরা হচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে রুশ হাউসের পরিচালক পাভেল দ্বয়চেঙ্কভ বলেন, “সংগীত সীমানা পেরিয়ে দুই দেশের বন্ধনকে আরও দৃঢ় করে। এই কনসার্ট শুধুমাত্র সংগীত পরিবেশনা নয়, বরং এটি দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
শিল্পকলা একাডেমির সচিব ওয়ারেছ হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বলেন, “স্বাধীনতার পর থেকেই রাশিয়া বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন ও সংস্কৃতিখাতে সহযোগিতা করে আসছে। এই আয়োজন দুই দেশের বন্ধুত্বের স্মারক হয়ে থাকবে।”