নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে কাউকে চাপ দেওয়া হবে না: ইইউ

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কোনো সময়সীমা চাপিয়ে দিতে চায় না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, ‘ইইউ বরং অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের একটি নির্বাচনী পরিবেশ গঠনে সহায়তা করতে আগ্রহী।’

সোমবার (৫ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘ডিক‍্যাব টকে’ এসব কথা বলেন ২৭ দেশের জোটের এ রাষ্ট্রদূত। ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ–ডিক‍্যাব এ অনুষ্ঠানের আয়োজন করে।

রাষ্ট্রদূত মিলার বলেন, ‘নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা বাংলাদেশের জনগণ ও সংবিধান অনুযায়ী নির্ধারিত বিষয়। আমরা কারও ওপর কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের চাপ দেব না।’

তিনি বলেন, ‘একটি আন্তর্জাতিক মানের অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ তৈরিতে ইইউ সহযোগিতা করতে চায়। নির্বাচনের সময় বাংলাদেশের অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন।’

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস আমাদের ডেকেছেন। তিনি সংস্কারের বিষয়ে সহযোগিতা চেয়েছেন এবং আমরা চলমান সংস্কার কার্যক্রমে সমর্থন দিচ্ছি। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করেছি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করেছি।’

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ড নিয়ে করা এক প্রশ্নের জবাবে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘জুলাই-আগস্টে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে; তাতে জড়িত প্রত্যেকের বিচার দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তবে তা হতে হবে স্বচ্ছতার সাথে।’

অর্থপাচার সংক্রান্ত ভিন্ন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ইউরোপে পাচার হওয়া অর্থ যদি বাংলাদেশ সরকার ফেরত আনতে চায়; তবে এ নিয়ে রাষ্ট্রগুলোর সঙ্গে যথাযথ তথ্য-উপাত্ত নিয়ে যোগাযোগ করতে হবে।’

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।