খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
রাষ্ট্রীয় সফরে ইতালি গেলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বুধবার (৭মে) ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, বিমানবাহিনী প্রধান ৮ মে থেকে ১৪ মে পর্যন্ত ইতালি সফর করবেন। সফরকালে তিনি ইতালির বিমানবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল লুকা গোরেট্টির আমন্ত্রণে ৮ ও ৯ মে অনুষ্ঠিত অ্যারোস্পেস পাওয়ার কনফারেন্স (এএসপিসি) ২০২৫-এ অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমানবাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।
এ ছাড়া, হাসান মাহমুদ খাঁন ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এসপিএ’–এর আমন্ত্রণে লিওনার্দো ফ্যাসিলিটিজ পরিদর্শন করবেন।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে। সফর শেষে বিমানবাহিনী প্রধান ১৬ মে দেশে ফিরবেন।