ভারত-পাকিস্তান সংঘাত: শান্তিপূর্ণ সমাধানের আহ্বান চীন ও যুক্তরাজ্যের

ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাজ্য। শনিবার (১০ মে) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা দুই দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বিরোধ নিরসনে গঠনমূলক ভূমিকা পালনে প্রস্তুত রয়েছে। খবর বিবিসি।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন এবং উত্তেজনা আরও বাড়াতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করা দুই দেশের মৌলিক স্বার্থ এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তির জন্য গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায়ও এই প্রত্যাশা করে।’

এদিকে, পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়ট জানিয়েছেন, তার দেশও এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘বর্তমানে আকাশসীমা বন্ধ রয়েছে এবং খুব স্বল্প সময়ের নোটিশে নতুন বিধিনিষেধ আরোপ বা বিদ্যমান বিধিনিষেধে পরিবর্তন আনা হতে পারে।’

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী।

এ ঘটনায় সিন্ধু নদের পানি বণ্টনচুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ভিসা বাতিলসহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও।

দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার পাকিস্তানের অধিকৃত কাশ্মিরসহ বিভিন্ন এলাকায় ‘অপারেশন সিঁদুর’ নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। নয়াদিল্লির তথ্য অনুযায়ী, এ অভিযানে ৭০ জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি, নিহত হয়েছে ৩১ জন এবং আহত হয়েছে ৫৭ জন।

ভারতের সেই অভিযানের পালটা জবাব হিসেবে শুক্রবার (৯ মে) রাতে ‘অপারেশন বুনিয়ান উল মাসরুস’ অভিযান শুরু করেছে পাকিস্তান।  দেশটির সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারগুলোয় অভিযান চালিয়েছে।

এতে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বেড়েছে। দুই দেশের মধ্যে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

 

 

সূত্র: বিবিসি, আল জাজিরা

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।