খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ মে ২০২৫
যুদ্ধকে ‘রোমান্টিক বা গৌরবের ব্যাপার’ হিসেবে যারা ভাবছেন, তাদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মনোজ নারাভানে। তিনি বলেছেন, ‘যুদ্ধ বলিউডের সিনেমার মতো নয়। এটি ভয়াবহ, মানবিক বিপর্যয় ডেকে আনে, যা পরবর্তী প্রজন্ম পর্যন্ত ক্ষত সৃষ্টি করে।’
সোমবার (১২ মে) পুনেতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সীমান্তে বসবাসকারী মানুষেরা প্রতিনিয়ত আতঙ্কে থাকেন। যুদ্ধের ভয়াবহতা তাদের কাছে বাস্তব অভিজ্ঞতা, যা পিটিএসডি (পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার)-এর মতো মানসিক রোগ সৃষ্টি করে।
নারাভানে বলেন, ‘যুদ্ধে যারা স্বজন হারায়, তাদের মানসিক আঘাত কখনোই মুছে যায় না। তাই যুদ্ধ কখনোই প্রথম পছন্দ হতে পারে না। আমি এখনও যদি সরকারের নির্দেশ পাই, যুদ্ধে যেতে প্রস্তুত; তবে আমি চাই সব মতপার্থক্য কূটনৈতিক পথে সমাধান হোক।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী নিজেও বলেছেন— এখন যুদ্ধের সময় নয়। কিন্তু কিছু অজ্ঞ মানুষ যুদ্ধকে উসকে দিতে চাচ্ছে। এতে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, বরং দায়িত্বশীল আচরণ দরকার।’
এই বক্তব্যের প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করা যায়, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে, যদিও পাকিস্তান অভিযোগ অস্বীকার করে। এরপর দুই দেশের মধ্যে সীমিত সেনা অভিযান চালানো হয়— ভারতীয় বাহিনীর ‘অপারেশন সিঁদুর’ এবং পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ান উন মারসুস’।
সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতায় উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং শনিবার (১০ মে) থেকে তা কার্যকর হয়।
খবরওয়ালা/আরডি