খবরওয়ালা মফস্বল ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ মে ২০২৫
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ভবনে হামলা চালিয়েছে অনুমোদনবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। সোমবার (১২ মে) দুপুরে নগর ভবনের সামনে প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হলেও পরবর্তীতে তা রূপ নেয় সহিংসতায়। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১২ জন যানজট নিরসন কাজে নিয়োজিত শিক্ষার্থী এবং বাকিরা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী।
জানা গেছে, নগরীতে লাইসেন্সবিহীন অবৈধ অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে চালকরা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে। তবে কিছু সময় পর বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে পড়ে এবং নগর ভবনের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেসময় চালকদের অনেকের হাতে ছিল রাম দা, ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, রড, লাঠি ও অন্যান্য দেশীয় অস্ত্র।
চালকরা ভেতরে প্রবেশ করে দায়িত্বরত কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায়। বাধা দিতে গেলে যানজট নিরসনে নিয়োজিত কর্মীদেরও মারধরের শিকার হতে হয়। এসময় পুরো ভবনজুড়ে সৃষ্টি হয় আতঙ্ক এবং কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনার পরপরই নগর ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘অটোরিকশা চালকরা অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের ওপর হঠাৎ করে হামলা চালিয়েছে। তাদের অবরুদ্ধ করে রাখা হয় এবং পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করা হয়।’ তিনি জানান, আহত ১৮ জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর এবং সবাইকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি।’
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ শহরে অনুমোদনবিহীন অটোরিকশা চলাচল রোধে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নতুন করে লাইসেন্স ব্যবস্থা চালু করে। এর মাধ্যমে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা কমানোর চেষ্টা চলছে। তবে লাইসেন্সবিহীন চালকরা নিবন্ধন ছাড়াই শহরে চলাচলের দাবিতে আন্দোলন করে আসছিল।
খবরওয়ালা/আরডি