কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ মে ২০২৫
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে এক রোজাদার নারী নিহত হয়েছেন। নিহত নারী তার ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের শাবলের আঘাতে প্রাণ হারান।
সোমবার (১২ মে) বিকেলে কিশোরগঞ্জের গোবরিয়া-আবদুল্লাহপুর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত নারী মমতা বেগম (৫৮) উত্তর লক্ষীপুর নজেরবাড়ি এলাকার বাসিন্দা এবং মতিউর রহমানের স্ত্রী ছিলেন। এই ঘটনায় নিহতের ছেলে জিল্লুর রহমানও গুরুতর আহত হয়েছেন।
নিহত মমতা বেগমের ভাইয়ের ছেলে মোবারক মিয়া জানান, তার ফুফাতো ভাইয়েরা গত ৪০ বছর ধরে একটি জমি ভোগদখল করে আসছেন, যেখানে একটি আম গাছ রয়েছে। প্রতিবছরই তারা গাছের ফল সংগ্রহ করেন। তবে এবার হঠাৎ প্রতিবেশী ইয়াকুব আলীর ছেলে কালু মিয়া (৫৫) ও তার লোকজন গাছটির মালিকানা দাবি করে এবং আম পাড়তে বাধা দেয়।
আজ বিকেলে আম পাড়তে গেলে নিহত মমতার ছেলে জিল্লুর রহমানকে বাধা দেন কালু মিয়া ও তার লোকজন। এর পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে জিল্লুর রহমানের উপর হামলা চালানো হয়। এ সময় জিল্লুরকে বাঁচাতে এগিয়ে আসলে মমতা বেগমকে শাবলের আঘাতে গুরুতর আহত করা হয়। পরে মমতা বেগমকে গুরুতর অবস্থায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোবারক মিয়া আরও জানান, মমতা বেগমের ছেলে জিল্লুর রহমানও গুরুতর আহত হয়েছেন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্ব বিরোধের কারণে এই ঘটনা ঘটে। এতে একজন নারী নিহত হয়েছেন এবং তার ছেলে গুরুতর আহত হয়েছেন। তিনি জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবরওয়ালা/আরডি