জাবির ক্যাফেটেরিয়ার সিঙ্গারায় মিলল চ্যালা পোকা — খাবারের মান নিয়ে ফের উঠলো প্রশ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সিঙ্গারায় পাওয়া গেছে বড় আকৃতির একটি চ্যালা পোকা। সোমবার (১২ মে) সকালে নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের তিন শিক্ষার্থী খাবার খেতে গিয়ে এই ঘটনা প্রত্যক্ষ করেন। তারা ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

ভুক্তভোগী শিক্ষার্থী সোহাগ আহমেদ বলেন, ‘আমরা সিঙ্গারা খাওয়ার সময় এর ভেতরে একটি বড় পোকা দেখতে পাই। যাদের বেতন দিয়ে শিক্ষার্থীদের ভালো মানের খাবার সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যদি এমন অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করেন, তাহলে আমাদের সুস্থ থাকা কঠিন হয়ে পড়বে।’

ঘটনার পর শিক্ষার্থীরা সিঙ্গারাটি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার উপ-পরিচালক সারোয়ার হোসেনের কাছে নিয়ে যান। তিনি জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সিঙ্গারা তৈরির স্থান পরিদর্শন করেন, যদিও তখন আর কোনো পোকা পাওয়া যায়নি। কর্মচারীদের বরাত দিয়ে তিনি জানান, ‘সম্ভবত অতিরিক্ত গরম ও অসাবধানতার কারণে পোকাটি আলুর ভেতরে ঢুকে পড়েছে।’

তবে শিক্ষার্থীদের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তারা বলেন, দীর্ঘদিন ধরেই ক্যাফেটেরিয়ার খাবারের মান নিয়ে অসন্তোষ রয়েছে। এর আগেও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে এবং মানোন্নয়নের দাবিতে আন্দোলনও করেছেন শিক্ষার্থীরা।

তারা প্রশাসনের কাছে দ্রুত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্যাফেটেরিয়ার খাবারের গুণগত মান নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।