দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান শেষ মুহূর্তে স্থগিত

দিল্লিতে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ্-এর ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশের অনুষ্ঠান হঠাৎ করেই স্থগিত করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু বেলা ১২টার দিকে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসকে জানানো হয় যে, অনুষ্ঠানে পরিবর্তন এসেছে এবং তা স্থগিত করা হয়েছে।

দু’দেশের সরকারের নির্ভরযোগ্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি মুর্মু হঠাৎ করে জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়ায় এ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। একই কারণে শুধু বাংলাদেশের নয়, আরও কয়েকটি দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশের অনুষ্ঠানও পিছিয়ে দেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, অনুষ্ঠানটি পরবর্তীতে সুবিধাজনক সময়ে নতুন তারিখে অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এগ্রিমোর ভিত্তিতে নিয়োগ পান। ভারতের সম্মতি পাওয়ার পর তিনি ২০২৫ সালের ৭ এপ্রিল দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। তিনি সাবেক হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হন।

রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ এর আগে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘের নিউইয়র্ক ও দিল্লি মিশনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন এবং কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে বাংলাদেশের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চাকরিজীবনে অভিজ্ঞ এই কূটনীতিকের মেয়াদ ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত থাকবে।

পরিচয়পত্র পেশ অনুষ্ঠান রাষ্ট্রদূতের কূটনৈতিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হলেও, তা স্থগিত হওয়াকে দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে সাময়িক ও প্রটোকলসংক্রান্ত বিষয় বলেই দেখা হচ্ছে।

 

 

সূত্র: বিবিসি বাংলা

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।