মুন্সিগঞ্জে ঐতিহ্যবাহী বাজারে অগ্নিকাণ্ড, অর্ধশত দোকান পুড়ে ছাই

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় অর্ধশতাধিক দোকান। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ভোর পাঁচটার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

জানা গেছে, আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশের কাপড়ের ও মুরগির দোকানের তিনটি গলিতে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে কাপড়, মুদিখানা ও মুরগির অন্তত ৫০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

বিসমিল্লাহ ক্লোথ স্টোর নামের পুড়ে যাওয়া একটি দোকানের মালিক আবু নাসের বলেন, ঈদকে সামনে রেখে গতকাল রাতেই ঢাকা থেকে মালামাল এনেছি প্রায় ৫ লাখ টাকার। রাত ১২টার দিকে মালামাল দোকানে রেখে বাড়িতে গেলে খবর পাই বাজারে আগুন লেগেছে। তারপর বাজারে এসে দেখি আমার দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমার দোকানের শাড়ি, কাপড়, লুঙ্গি, বিছানার চাদর সবই পুড়ে গেছে।

এদিকে ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে বাজারে আগুন লাগার সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট শুরুতে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আশেপাশের উপজেলা থেকে আরও চারটি ইউনিট এসে কাজে যোগ দেয়। ছয়টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, ঘটনাস্থলে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। টানা তিন ঘণ্টার চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস।  

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।