বোতল ছুড়ে মারা শিক্ষার্থী মোহাম্মদ হুসাইন যা বললেন

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনায় আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হুসাইন বলেছেন, তিনি প্রায় ২৬ ঘণ্টা ডিবি কার্যালয়ে ছিলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে শুক্রবার প্রায় ৬টা পর্যন্ত।

অন্যদিকে, ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের দাবি, ওই শিক্ষার্থীকে হেফাজতে নেওয়ার সময় থেকে ডিবি কার্যালয়ে রাখা হয় ২১ ঘণ্টা।

তাকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে হেফাজতে নেওয়া হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় শুক্রবার আনুমানিক ৬টার দিকে।

ডিএমপির দাবি, জিজ্ঞাসাবাদের সময় তার বয়স, পেশা, ব্যক্তিগত মানবাধিকার ও আইনের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। এক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটেনি।

যা বলেছেন বোতল ছুড়ে মারা শিক্ষার্থী

ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর কাকরাইলে শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থানস্থলে এসে মোহাম্মদ হুসাইন বলেছেন, তিনি হুমকি পেয়ে আতঙ্কে আছেন।

এ সময় সাংবাদিকরা হুসাইনকে তার ডিবি কার্যালয়ের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করেন।

জবাবে তিনি বলেন, আমি প্রায় ২৬ ঘণ্টা ডিবি কার্যালয়ে ছিলাম, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে শুক্রবার প্রায় (সন্ধ্যা) ৬টা পর্যন্ত।

আতঙ্কিত কি না জানতে চাইলে তিনি বলেন, অপরিচিত নম্বর থেকে যেহেতু হুমকি পেয়েছি, সেটা একরকম, কিছুটা আতঙ্কিত আছি যে মবের মাধ্যমে আমার ক্ষতি করার চেষ্টা করা হবে, এরকম বলেছে। তারপর আমার সমস্যা করবে। বাসা থেকে বের করে দেবে, এরকমভাবে আননোন নম্বর থেকে…।

ডিবি অফিসে নির্যাতন করা হয়েছিল কি না এ প্রশ্নে হুসাইন বলেন, না ওরকম শারীরিক কোনো নির্যাতন করা হয়নি।

আটক করা হয়েছিল কোথা থেকে জানতে চাইলে তিনি বলেন, আমার বাসা থেকে।

মানসিক নির্যাতন করা হয়েছিল কি না জানতে চাইলে হুসাইন বলেন, মানসিক নির্যাতন বলতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে অনেক রাত পর্যন্ত সজাগ রাখা হয়েছে। ফাঁসির আসামিদের সঙ্গে জেল হাজতে রাখার চেষ্টা করেছে।

জিজ্ঞাসাবাদের বিষয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না, এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা আমার নেই। আমার মোবাইল, আমাকে ডিজিটালি উনারা চেক করেছেন এবং কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পায়নি।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।