ইরানের স্থলপথেও অবরোধ জোরদার করছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে নৌ অবরোধ কার্যক্রমের পর এবার ইরানের স্থলভিত্তিক সরবরাহব্যবস্থা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে উন্নত অস্ত্র, সামরিক সরঞ্জাম, দ্বৈত ব্যবহারের প্রযুক্তি এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত বিভিন্ন উপকরণের প্রবেশ ও পরিবহন বন্ধ করতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেনটকম)। এর মাধ্যমে সমুদ্রপথের পাশাপাশি স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগরকেন্দ্রিক সরবরাহ রুটগুলোতেও চাপ বাড়ানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন।

শনিবার (৭ নভেম্বর) সেনটকম এক বিবৃতিতে নতুন এই উদ্যোগের কথা জানায়। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী সংস্থাটি জানিয়েছে, ইরান যেন উন্নত অস্ত্র ও প্রয়োজনীয় সামরিক উপকরণ পরিবহনের জন্য স্থলপথ ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করাই নতুন টাস্কফোর্সের অন্যতম প্রধান লক্ষ্য।

সেনটকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘টাস্কফোর্স আইরিন গেট’ সমুদ্রপথে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের কার্যকারিতা আরও বাড়াবে। একই সঙ্গে দেশটির স্থলভিত্তিক সরবরাহব্যবস্থার ওপর নজরদারি জোরদার করবে।

ফ্লোরিডার টাম্পা থেকে পরিচালিত এই টাস্কফোর্স ইরানের স্থল সীমান্ত এবং কাস্পিয়ান সাগর এলাকায় কার্যক্রম চালাবে। এ কাজে যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করা হবে। উন্নত অস্ত্রব্যবস্থা, দ্বৈত ব্যবহারের প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত বিভিন্ন উপকরণ এবং অবৈধ অর্থপ্রবাহের গতিপথ শনাক্ত করে সেগুলোর চলাচল বন্ধ করাই হবে এর মূল দায়িত্ব।

মার্কিন সামরিক পরিকল্পনায় এই উদ্যোগের সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় আল জাজিরাকে বলেন, নতুন টাস্কফোর্সের কাজ হবে ইরানে অস্ত্র কোথা থেকে আসছে, কীভাবে সেগুলো পরিবহন করা হচ্ছে এবং কোন পর্যায়ে সরবরাহব্যবস্থা বিচ্ছিন্ন করা সম্ভব, তা চিহ্নিত করা। একই সঙ্গে ইরান কীভাবে জ্বালানি পরিবহন করছে, সেটিও পর্যবেক্ষণের আওতায় থাকবে।

মুলরয়ের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সামরিক অভিযান আরও বিস্তৃত করার নির্দেশ দেন, তাহলে নতুন করে চিহ্নিত এসব স্থাপনা ও সরবরাহব্যবস্থা সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

তিনি বলেন, ‘অপারেশন এপিক ফিউরি’ মূলত সামরিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে পরিচালিত হলেও নতুন পরিকল্পনার লক্ষ্য হতে পারে অর্থনৈতিক ও অবকাঠামোগত স্থাপনা। এর মাধ্যমে ইরানের শাসনব্যবস্থার যুদ্ধ পরিচালনা এবং সামরিক কর্মকাণ্ডে অর্থায়নের সক্ষমতা দুর্বল করার চেষ্টা করা হতে পারে।

এদিকে ইরানের বন্দরগুলো ঘিরে চলমান মার্কিন অবরোধ কার্যক্রমও অব্যাহত রয়েছে। শনিবার সেনটকম জানায়, ওমান উপসাগরে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজকে অচল করে দিয়েছে মার্কিন বাহিনী। সংস্থাটির দাবি, জাহাজটি অবরোধসংক্রান্ত নির্দেশনা অমান্য করেছিল।

সেনটকমের বিবৃতিতে বলা হয়, জাহাজটির নাবিকদের লক্ষ্যবস্তু এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর মার্কিন সামরিক বিমান সেন্ট কিটসের পতাকাবাহী এম/ভি হুদার পেছনের অংশে নির্ভুল অস্ত্র ব্যবহার করে। এতে জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

মার্কিন সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, জুলাই থেকে অবরোধ কার্যকর করার বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে ১৪৭টি বাণিজ্যিক জাহাজকে নির্দেশ মেনে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া নির্দেশ অমান্য করায় পাঁচটি বাণিজ্যিক জাহাজকে অচল করা হয়েছে বলে দাবি করেছে সেনটকম।

অন্যদিকে ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শনিবার দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা জানায়, হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই দিন জাস্ক, সিরিক ও বন্দর আব্বাস শহরেও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেশম দ্বীপে নতুন করে হামলার বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে তিনি হামলাগুলোকে ‘ছোটখাটো’ বলে বর্ণনা করেন। একই সঙ্গে জানান, কাতারের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং তেহরান এখনো একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

তবে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে উঠেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী শনিবার দাবি করেছে, হরমুজ প্রণালির কাছে দুটি তেলবাহী ট্যাঙ্কার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আইআরজিসির বরাত দিয়ে জানানো হয়, ট্যাঙ্কার দুটি তাদের নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে প্রণালির একটি ‘অনিরাপদ’ অংশ দিয়ে চলাচল করছিল। এ সময় সামুদ্রিক মাইনের আঘাতে জাহাজ দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একপর্যায়ে চলাচল বন্ধ হয়ে যায়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি। এই জলপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে সেখানে সামরিক উত্তেজনা, নৌ অবরোধ কিংবা বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত কেবল সমুদ্রসীমায় সীমাবদ্ধ থাকছে না। স্থলপথে সরবরাহ বন্ধের উদ্যোগ, বন্দরকেন্দ্রিক অবরোধ এবং নতুন সামরিক হামলার আশঙ্কা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে কাতারের মধ্যস্থতায় আলোচনার সম্ভাবনা থাকলেও অন্যদিকে সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতা কতটা সম্ভব হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।