খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ মে ২০২৫
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ যাত্রী।
সোমবার (১৯ মে) বিকেল ৩টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের চারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হাসান জানান, সিলেট থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি বাস চারগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কুমিল্লাগামী বাসের চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তৌকির আহমেদ নামে আরও একজনের মৃত্যু হয়।
নিহত বাকি দুইজনের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে, একই দিন দুপুরে বাহুবলের ডুবাঐ বাজার এলাকায় একটি বাস ও ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হন ট্রাকচালক সোহেল মিয়া। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুটি দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
খবরওয়ালা/আরডি