খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ মে ২০২৫
আজ (সোমবার) রাতের মধ্যে দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঝড়, বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার (১৯ মে) দুপুর আড়াইটা থেকে রাত ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
যেহেতু বজ্রপাতে প্রাণহানির সম্ভাবনা থাকে, তাই এসব অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড় বা বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং বিদ্যুতের খুঁটি, বড় গাছ বা উঁচু স্থানে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
খবরওয়ালা/আরডি