পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে প্রাণ গেল ছাত্রদল কর্মীর

নোয়াখালীর সদরে এক পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে মো. আবুল হোসেন রাফি (১৯) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে অশ্বদিয়া ইউনিয়নে ব্যাল্লা কোট্টা চাঁন মিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।    

নিহত রাফি অলিপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে সুলতানা সোলাইমান উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন রাফি। খেলার সময় রুমন নামে এক বন্ধুর ঠোঁটে আঘাত লাগলে, তাকে স্থানীয় পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহনের (৬০) কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তখন শাহীন চা দোকানে বসে ছিলেন এবং তিনি চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে রাফির সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। উত্তেজনার মধ্যে শাহীন দোকানে থাকা ছুরি দিয়ে রাফির গলায় আঘাত করেন। স্থানীয়রা রাফিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মো. শাহরিয়ার বলেন, ‘রাফির গলায় তিন ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়ে ধমনি কেটে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।’

স্বজনরা বলেন, নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়। এরপরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঢাকা নেওয়ার পথেই মৃত্যু হয় রাফির।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘রাফির বাবা আবুল কালাম আজাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত পল্লি চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।