খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ মে ২০২৫
বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল (২৭ মে) এটি সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সারাদেশেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৬ মে) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গণমাধ্যমকে জানান, গত কয়েকদিন থেকেই আমরা সম্ভাব্য লঘুচাপের পূর্বাভাস দিয়ে আসছি। আগামীকাল এটি সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তা নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশে বৃষ্টি শুরু হয়েছে এবং এটি আরও কয়েক দিন চলতে পারে।
মে মাস সাধারণত ঘূর্ণিঝড়প্রবণ হিসেবে পরিচিত। গত বছর একই সময়ে ঘূর্ণিঝড় ‘রিমাল’ বাংলাদেশের উপকূলে আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল। এবারও একই সময় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম হবে ‘শক্তি’, যা শ্রীলঙ্কার দেওয়া নাম। তবে এই লঘুচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা জানতে আরও পর্যবেক্ষণের প্রয়োজন বলে জানানো হয়েছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, গত ২০ মে মৌসুমি বায়ু বাংলাদেশের উপকূল টেকনাফ দিয়ে প্রবেশ করেছে। এটি স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় ১০ দিন আগে। সাধারণত ১ জুনের দিকে মৌসুমি বায়ু প্রবেশ করে থাকে।
তিনি বলেন, ‘মৌসুমি বায়ু যত দিন থাকবে, তত দিন বৃষ্টিপাত চলবে। এ কারণে এবারের বৃষ্টি মৌসুম কিছুটা আগে শুরু হয়েছে।’
সোমবার (২৬ মে) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। আগামীকালের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজ ঢাকার বাতাস দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হবে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সিলেটে দেশের সবচেয়ে বেশি ১৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আর আজ সোমবার দুপুর ১২টায় রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বঙ্গোপসাগরের তাপমাত্রা ঘূর্ণিঝড় তৈরির জন্য সহায়ক অবস্থায় রয়েছে। তবে লঘুচাপের গতি-প্রকৃতি ও বিস্তার অনুসারে এর শক্তি বৃদ্ধির আশঙ্কা রয়েছে কিনা, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে। তাই সংশ্লিষ্ট সবাইকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস।
খবরওয়ালা/আরডি