চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে আজ (মঙ্গলবার) রাতে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। এই সফরকে ঘিরে টোকিও থেকে বাংলাদেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা দেওয়ার ঘোষণা আসতে পারে বলে সরকারের একাধিক সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, সফরকালে ড. ইউনূস জাপানের পররাষ্ট্রমন্ত্রী, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকা (JICA) এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (JETRO)-এর প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি একটি উচ্চপর্যায়ের বিজনেস সেমিনারে অংশগ্রহণ করবেন, যেখানে জাপানি বিনিয়োগকারীদের উদ্দেশে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানাবেন।

২৯ মে ড. ইউনূস টোকিওতে আয়োজিত ‘নিক্কেই ফোরাম’-এ অংশগ্রহণ করবেন। সফরের তৃতীয় দিন, ৩০ মে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

এই সফর উপলক্ষে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী জানান, সফরের সময় বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি সমঝোতা স্মারকে (MoU) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য সমঝোতাগুলোর মধ্যে রয়েছে—

  • জেবিআইসির সঙ্গে প্রিপেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্পে ঋণচুক্তি,
  • ওনডা ও নাকসিসের সঙ্গে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পৃথক দুটি জমি বরাদ্দ সংক্রান্ত সমঝোতা,
  • বিডার সঙ্গে ব্যাটারি ও সাইকেল কারখানা স্থাপন সংক্রান্ত চুক্তি,
  • বিডায় ওয়ান স্টপ সার্ভিস (OSS) প্রযুক্তি চালু করতে জাইকার সঙ্গে সমঝোতা,
  • মানবসম্পদ উন্নয়ন ব্যুরো বিএমইটির সঙ্গে দক্ষতা ও ভাষা উন্নয়ন নিয়ে দুটি পৃথক সমঝোতা।

ড. ইউনূসের এ সফর শুধু অর্থনৈতিক সহায়তা অর্জনের দিকেই নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন এবং অন্তর্বর্তী সরকারের বৈধতা জোরদারের একটি কৌশলগত উদ্যোগ হিসেবেও গুরুত্বপূর্ণ।প্রধান উপদেষ্টা সফর শেষে আগামী ৩১ মে দেশে ফিরবেন বলে জানা গেছে।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।