আজ মুক্তি পাচ্ছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতা এটিএম আজহারুল ইসলাম আজ বুধবার (২৮ মে) মুক্তি পাচ্ছেন। তার আইনজীবী ব্যারিস্টার শিশির মনির জানিয়েছেন, সকাল ৯টা থেকে ১০টার মধ্যে রাজধানীর পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে তাকে মুক্তি দেওয়া হবে।

সর্বোচ্চ আদালতের রায়ে খালাস পাওয়ার পরই তার মুক্তির প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ আজহারুল ইসলামের করা আপিল মঞ্জুর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করেন।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা আজহারুল ইসলামকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছিল।

বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) কার্ডিয়াক ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। সুপ্রিম কোর্টের খালাসাদেশের পূর্ণাঙ্গ অনুলিপি কারা কর্তৃপক্ষ হাতে পাওয়ার পর আজ সকালে তার মুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাবেক এই সংসদ সদস্যের মুক্তির খবরে দলটির নেতা-কর্মীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। তবে রায়ের পর বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনাও শুরু হয়েছে।

এটিএম আজহারুল ইসলাম জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন এবং এক সময় রংপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে হত্যা, গণহত্যা ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল।

এই রায়ের মধ্য দিয়ে ২০১৩ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় বিচার হওয়া জামায়াত নেতাদের মধ্যে একজনের খালাসের নজির সৃষ্টি হলো।

খবরওয়ালা/ এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।