খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের মধ্যে চলমান সিরিজ নির্ধারণী চার দিনের ম্যাচে ঘটেছে অপ্রত্যাশিত এক কাণ্ড। বুধবার (২৮ মে) ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট ও বলের লড়াই ছাপিয়ে পরিস্থিতি গড়ায় হাতাহাতিতে। মাঠেই একে অপরের দিকে ধেয়ে যান দুই দলের ক্রিকেটার।
১০৫তম ওভারে ঘটনাটি ঘটে। বাংলাদেশের ব্যাটার রিপন প্রথম বলেই ডাউন দ্য উইকেটে এসে মারেন ছক্কা। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ক্যারিবীয় বোলার এনটুলি (দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছেন)। রিপন ও অপর ব্যাটার যখন ক্রিজের মাঝে, তখন এনটুলি কিছু একটা বলতে বলতে আগ্রাসী ভঙ্গিতে এগিয়ে যান রিপনের দিকে। উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে তিনি রিপনকে ধাক্কা দিতে উদ্যত হন। রিপন কয়েকবার হাত তুলে আটকানোর চেষ্টা করলেও এনটুলি থামেননি; বরং রিপনের হেলমেট ধরে টান দেন কয়েকবার।
পরিস্থিতি জটিল হওয়ার আগেই এগিয়ে আসেন দুই আম্পায়ার—মুহাম্মদ কামরুজ্জামান ও আর্নো জ্যাকব। তাঁদের হস্তক্ষেপে দুই খেলোয়াড়কে আলাদা করা সম্ভব হলেও এনটুলির রাগ তখনো প্রশমিত হয়নি। তিনি হাত উঁচিয়ে কিছু একটা বলতে থাকেন রিপনের উদ্দেশে।
তবে এসব উত্তেজনার মধ্যেও ক্রিকেটীয় শিষ্টাচার রক্ষা করেন রিপন। পরের বলটি তিনি ঠান্ডা মাথায় ব্লক করে পরিস্থিতি সামাল দেন।
এই ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সিরিজ নির্ধারণী। আগের ম্যাচটি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এবং সেটি ড্র হয়। ওই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে ৭ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।
আন্তর্জাতিক পর্যায়ে এমন ঘটনা বিরল হলেও একবার ঘটলে সংশ্লিষ্ট ক্রিকেটারদের ওপর শাস্তির খড়গ নেমে আসে। এবার এনটুলির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
ক্রিকেট মাঠে খেলোয়াড়দের এমন আচরণ শুধু খেলার সৌন্দর্যকেই কলুষিত করে না, তরুণ ভক্তদের মধ্যেও ভুল বার্তা দেয়—এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
খবরওয়ালা/এমএজেড