খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫
গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। আসন্ন ঈদেও দর্শকদের জন্য রয়েছে তাঁর নতুন ছবি ‘সর্দারবাড়ির খেলা…’। এরই মধ্যে জানা গেল, বুবলী কাজ করছেন আরও একটি নতুন ছবিতে, যার শুটিং চলছে পুরোদমে।
ছবিটির প্রাথমিক নাম ‘শাপলা শালুক’। তবে পরিচালক রাশেদা আক্তার লাজুক জানিয়েছেন, ছবির নাম পরিবর্তন হতে পারে। এই ছবিতে বুবলীর বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে চলছে সিনেমাটির শুটিং। প্রথমবারের মতো এ ধরনের লোকেশনে কাজ করছেন বুবলী। এ প্রসঙ্গে তিনি বলেন,
‘দারুণ একটা লোকেশন। খুবই নিরিবিলি পরিবেশ। সিনেমাপ্রেমীদের চোখে আরাম দেবে এমন চিত্রই দেখা যাবে পর্দায়।’
চরিত্র নির্বাচনের বিষয়ে বরাবরই সচেতন বুবলী জানান,
‘আমি সবসময় গল্প, চরিত্র ও চিত্রনাট্যের দিকে গুরুত্ব দিই। একটা চরিত্র যদি আমাকে নতুনভাবে উপস্থাপন করতে না পারে, তাহলে অভিনয়ের সার্থকতা কোথায়? এই ছবিতে আমি একেবারেই নতুন ধরনের একটি চরিত্রে কাজ করছি। আগে এমন কিছু করিনি। দারুণ লাগছে।’
পরিচালকের ভাষ্যমতে, ‘শাপলা শালুক’ একটি অ্যাকশন, রোমান্টিক এবং পুরোপুরি বাণিজ্যিক ঘরানার সিনেমা। এর মধ্যে ক্ল্যাসিক সিনেমার ছোঁয়াও থাকছে।
ছবিতে বুবলী ও সজল ছাড়াও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ। ঈদুল আজহার পর ছবিটির মুক্তির সম্ভাবনা থাকলেও এখনো চূড়ান্ত তারিখ ঘোষণা হয়নি।
খবরওয়ালা/এমএজেড