সান্ডা কিনলে পান্ডা ফ্রি! ভাইরাল ‘সেলিব্রেটি’ গরু

ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর হাটে বাড়ছে উত্তাপ, সেইসঙ্গে ভাইরাল হচ্ছে একেকটি ‘তারকা গরু’। এমনই এক নজরকাড়া বিশালদেহী গরু নিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকা জেলার ধামরাই। ফ্রিজিয়ান জাতের ৪০ মণের এই গরুর নাম ‘সান্ডা’। বিস্ময়ের এখানেই শেষ নয়—সান্ডা কিনলে ফ্রি মিলবে ‘পান্ডা’ নামের একটি খাসি!

সান্ডা এখন যেন শুধুই একটি গরু নয়, রীতিমতো সেলিব্রেটি। ধামরাই উপজেলার সদর ইউনিয়নের খামারি নাঈম হোসেনের খামারে বেড়ে ওঠা এই কালো ফ্রিজিয়ান ষাঁড়কে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অসংখ্য দর্শনার্থী। কেউ ছবি তুলছেন, কেউ লাইভ করছেন, কেউ আবার টিকটক ভিডিও বানাতে ব্যস্ত। গরুটির বিশাল আকৃতি ও সৌন্দর্য দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রচুর ছবি ও ভিডিও।

নাঈম হোসেন জানান, পড়ালেখার পাশাপাশি পারিবারিক খামারের দেখভাল করেন তিনি। তিন বছর আগে তাদের একটি গাভী থেকে জন্ম নেয় সান্ডা। এরপর থেকেই পরম যত্নে বড় করেছেন গরুটিকে। প্রতিদিন ৩-৪ বার সাবান ও শ্যাম্পু দিয়ে গোসল, মশার কামড় থেকে রক্ষা পেতে মশা নিরোধক স্প্রে, মাথার ওপর ফ্যান চালিয়ে ঠান্ডা রাখাসহ চলছে রাজকীয় যত্ন। শুধু খাবারেই দৈনিক খরচ হয় প্রায় ৬০০-৭০০ টাকা। খাবারের তালিকায় রয়েছে খৈল, ভুসি, ভুট্টা, ছোলা, মিষ্টি কুমড়া ও তাজা ঘাস।

গরুটির উচ্চতা প্রায় ৬.৫ ফুট, দৈর্ঘ্য ১০ ফুট, ওজন প্রায় ৪০ মণ। দাম হাঁকানো হয়েছে ১৫ লাখ টাকা। তবে খামারি জানালেন, শুধু টাকায় নয়—গরুটি দেওয়ার ক্ষেত্রে তিনি খরিদ্দারের মন মানসিকতাকে প্রাধান্য দেবেন। আর যিনি কিনবেন, তাকে উপহার হিসেবে দেওয়া হবে একটি খাসি, যার নাম ‘পান্ডা’।

এই অতিকায় গরুকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাও। অনেকেই গরুটির সামনে গিয়ে ছবি ও ভিডিও তুলতে গিয়ে বিপজ্জনকভাবে কাছাকাছি চলে যাচ্ছেন, এতে করে গরুটির নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে খামার কর্তৃপক্ষ জানিয়েছে।

গোটা ধামরাইয়েই এখন ‘সান্ডা ও পান্ডা’ নামেই চর্চা চলছে কোরবানির হাটে—যেখানে বিশালত্ব, যত্ন আর ভালোবাসার নিদর্শন একসঙ্গে দেখা যাচ্ছে। ঈদের আগে সান্ডা-ভক্তদের ভিড় আরও বাড়বে, এমনটাই ধারণা স্থানীয়দের।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।