খবরওয়ালা মফস্বল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে কক্সবাজার উপকূলে সাগর উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উঁচু জোয়ারের ঢেউ বারবার আছড়ে পড়ছে কূলে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে কক্সবাজারে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
তবুও কক্সবাজারে আগত পর্যটকরা নিষেধাজ্ঞা না মেনে ঝুঁকি নিয়ে সাগরে নেমে পড়ছেন। অনেকে উত্তাল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে সৈকতে ভিড় জমিয়েছেন, আবার কেউ কেউ সরাসরি সাগরে গোসল করছেন।
সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ জয়নাল আবেদীন ভুট্টু বলেন, ‘নিম্নচাপের কারণে সাগর প্রচণ্ড রকম উত্তাল। জোয়ারের পানির উচ্চতাও অনেক বেড়েছে। আমরা পর্যটকদের বারবার সাগরে না নামতে অনুরোধ করছি, কিন্তু অনেকেই তা মানছেন না।’
নোয়াখালী থেকে আসা এক পর্যটক বলেন, ‘গতকাল (বুধবার) সারাদিন বৃষ্টি হয়েছে, ঘরবন্দি ছিলাম। আজ চলে যাব, তাই শেষ মুহূর্তে একটু সাগরে গোসল করতে এসেছি। উত্তাল সাগর বেশ উপভোগ্য।’
আরেক পর্যটক বলেন, ‘আমার স্ত্রীকে নিয়ে এসেছি সাগর দেখতে। উত্তাল ঢেউ দেখতে খুব ভালো লাগছে।’
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছেন জেলা প্রশাসনের টিম। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বেশ উত্তাল। আমরা পর্যটকদের সতর্ক করছি, মাইকিং করছি, কিন্তু অনেকেই তা আমলে নিচ্ছেন না। তবুও আমরা নিয়মিত মনিটরিং করছি।’
আবহাওয়া খারাপ থাকলেও কক্সবাজার সৈকতের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঝুঁকি নিচ্ছেন অনেক পর্যটক। প্রশাসনের আহ্বান, এমন আবহাওয়ায় সবাইকে সতর্ক থাকতে হবে এবং সাগরে নামা থেকে বিরত থাকতে হবে।
খবরওয়ালা/আরডি