খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
দেশের উত্তরের, উত্তর-পূর্বের ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১টি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার (৩০ মে) পর্যন্ত পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়েছে।
পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা থাকায় দেশের উত্তরে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম, উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, শুক্রবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী ইত্যাদি নদীর পানি বাড়তে পারে। এ সময় মুহুরী নদীর পানি কিছু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।
এতে ফেনী জেলার মুহুরী নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। পানি বেড়ে রংপুর বিভাগে তিস্তা নদীও কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে তিস্তাসংলগ্ন রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
অন্যদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগে সারিগোয়াইন, যাদুকাটা, মনু, খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি কিছু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে এসব নদীসংলগ্ন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি আরও ঘনীভূত হতে পারে। তবে এর ফলে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। তিনি জানান, নিম্নচাপের প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং উপকূলীয় এলাকাগুলিতে অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
খবরওয়ালা/এসআর