গুদামে মিললো ভিজিডি-ভিজিএফের ২০৬ বস্তা সরকারি চাল, মিলমালিক গ্রেপ্তার

জামালপুরের ইসলামপুর উপজেলার একটি রাইস মিলের গুদাম থেকে সরকারি ভিজিডি ও ভিজিএফ কর্মসূচির বরাদ্দকৃত ২০৬ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। অভিযানে মিলটির মালিক মোহাম্মদ আরিফ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইসলামপুর উপজেলার সিরাজাবাদ এলাকার বাসিন্দা এবং অভিযুক্ত ‘মা রাইস মিল’-এর মালিক।

রবিবার (১ জুন) রাত ২টার দিকে উপজেলার গাঁওকুড়া এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রতিটি ৫০ কেজি ওজনের মোট ২০৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

ইউএনও মো. তৌহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর চার ঘণ্টা ধরে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়। অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল কালোবাজারে বিক্রি বা মজুতের সঙ্গে কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, অভিযুক্ত আরিফ মণ্ডলকে রাতেই তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া এ চক্রে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) ও ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচি সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর অংশ, যা দেশের দরিদ্র ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য চালু রয়েছে। এসব চাল আত্মসাত বা কালোবাজারে বিক্রি করা ফৌজদারি অপরাধ। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এ ঘটনায় স্থানীয় পর্যায়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।