খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 19শে জ্যৈষ্ঠ ১৪৩২ | ২ই জুন ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে শনিবার (৩১ মে) রাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (০২ জুন) দুপুরে লালমনিরহাট সদর থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন জাতীয় ছাত্রসমাজের লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান।
এ মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ। তাঁরা হলেন লালমনিরহাট শহরের খোচাবাড়ি এলাকার জাহাঙ্গীর আলম (৪৮) ও সাহেব পাড়ার মমিনুল ইসলাম (৪৩)। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, ‘সেনাবাহিনীর সদস্যরা তদন্ত করে জাহাঙ্গীর আলম ও মমিনুল ইসলামকে গতকাল রাতে গ্রেপ্তার করে। পরে তাঁদের লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়। আজ বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। মামলার তদন্তের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা তালাবদ্ধ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। চক্রটি তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় আসবাবপত্রের ক্ষতির পাশাপাশি সেখান থেকে টেলিভিশন, আইপিএস, পানির পাম্প, স্ট্যান্ড ফ্যানসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় হামলাকারীরা। একপর্যায়ে কার্যালয়ের বিভিন্ন ধরনের মালামাল ও আসবাবপত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে সোমবার দুপুরে অভিযোগ দায়ের করেন জাতীয় ছাত্রসমাজের লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান। এ ঘটনায় রোববার রাতে সিসিটিভি ফুটেজ দেখে সেনাবাহিনীর একটি দল পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। পরে সোমবার আটকদের এ মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বলেন, অজ্ঞাতদের বিরুদ্ধে বাদীর দায়ের করা অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা এ মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে।
খবরওয়ালা/এসআর