খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন ২০২৫
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের বিভিন্ন কোরবানির হাটের উদ্দেশ্যে আসা গরু জোরপূর্বক অন্য হাটে নামানোর অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (২ জুন) রাত ১১টায় বন্দর থানাস্থ চৌরাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।নারায়ণগঞ্জ সেনা ক্যাম্প থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটকরা হলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সুলতান মাহমুদ আপন (২৫), একই ওয়ার্ডের রুহুল আমিন (২৭) ও মো. জহিরুল ইসলাম।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর কাছে অভিযোগ আসে যে, শীতলক্ষ্যা নদী পথে গরু বোঝাই একটি ট্রলার সিদ্ধিরগঞ্জের নাভানা হাটের উদ্দেশ্যে আসছিল। ট্রলারটি চলন্ত পথে বন্দর অংশে পৌঁছালে একদল দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গতিরোধ করে। একপর্যায়ে বেপারীদের অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ওই ট্রলারে থাকা সব গরুকে বন্দরের হাটে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এছাড়া জোরপূর্বক নামানো গরু নাভানার হাটে হস্তান্তর করে। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
খবরওয়ালা/এফএস