খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন ২০২৫
জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজনের পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তাব রেখেছি।’
জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশ ও ভোটদানের সুযোগ রাখা উচিত। দলটির মতে, অর্থবিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত।
জাতীয় ঐকমত্য কমিশনও দ্বিতীয় ধাপের সংলাপে বিষয়গুলো তাদের প্রস্তাবে রেখেছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
তিনটি প্রস্তাবের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে এমপিদের দলীয় সিদ্ধান্তের পক্ষে ভোট দেওয়ার পক্ষে মত দিয়েছিল বিএনপি। এ বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তাহের বলেন, ‘জরুরি পরিস্থিতি জরুরিভাবে মোকাবিলা করা হবে। কিন্তু আমরা ৭০ অনুচ্ছেদের তিনটি প্রস্তাবিত বিষয়ে আমাদের মত দিয়েছি।’
তাহের বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আমাদের অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে, তিনটি প্রস্তাবে তারা একমত। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রস্তাবের বিষয়ে তারা নোট অব ডিসেন্ট দেবে।’
খবরওয়ালা/এন