জামায়াত নেতার মৃত্যুতে বিএনপির ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা, পাল্টাপাল্টি কর্মসূচি

লক্ষ্মীপুরে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিএনপির ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী। নিহত জামায়াত নেতা মো. কাউছার আহমেদ (৫০) বাঙ্গাখাঁ ইউনিয়নের ওলামা বিভাগের ১ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন। একইসঙ্গে স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন।

রোববার রাতে লক্ষ্মীপুর সদর থানায় মামলাটি করেন নিহতের স্ত্রী শিল্পী বেগম। মামলায় স্বেচ্ছাসেবক দলের ১৩ নম্বর ওয়ার্ড সভাপতি রিয়াজ হোসেনসহ ১২ জনকে আসামি করা হয়েছে। অন্য ১১ জন বিএনপির স্থানীয় কর্মী।

পুলিশ জানায়, গত ৫ জুন দুপুরে সদর উপজেলার রাজীবপুর এলাকায় বিরোধপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে কাউছারের ভাই আলতাফ হোসেনের সঙ্গে রিয়াজ হোসেন ও বিএনপির কর্মী সোহাগের অনুসারীদের মধ্যে মারামারি হয়। এ সময় কাউছারসহ পরিবারের চারজন আহত হন। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় মারা যান কাউছার।

ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে শহরের সামাদ মোড়ে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী বলেন, “বিএনপির কয়েকজন কর্মীর হামলায় আমাদের নেতা কাউছার নিহত হয়েছেন।”

অন্যদিকে, ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। সকাল ১০টায় গোডাউন রোডের বশির ভিলা হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়। এটি একটি স্থানীয় বিরোধ। মারামারির পর সন্ধ্যায় কাউছার মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসকেরা মনে করছেন এটি স্বাভাবিক মৃত্যুও হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার আগেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।”

লক্ষ্মীপুর সদর থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, “মামলার ভিত্তিতে তদন্ত চলছে। কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।