খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খেতের শসা চুরির ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ছয়টা থেকে টানা চার ঘণ্টা উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের সরকারবাড়ি ও বড়বাড়ির বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় একাধিক বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত ৭ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীঘর গ্রামের বড়হাটি এলাকার জুয়েল মিয়া তার বাড়ির পাশে জমিতে শসার আবাদ করেছেন। গত কয়েকদিন ধরে রাতে জমি থেকে শসা চুরি হয়ে যাচ্ছিল। পরে জানা যায়, স্থানীয় সরকারবাড়ির কয়েকজন যুবক শসা চুরির করেছে।
এ নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার সকালে সরকারবাড়ির লোকজন বড়হাটি এলাকার লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন।
আহতদের মধ্যে দুলাল মিয়া (৩০), জালাল উদ্দিন (৪৫), শাহ আলম (৪০), রাব্বি মিয়া (১২), আমির আলী (৪০), সাহার আলী (১৮) ও মাসুক মিয়াকে (৪৫) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা হবিগঞ্জের মাধবপুর ও নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ব্রাহ্মণবাইড়য়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) তপন সরকার প্রথম আলোকে বলেন আজ বেলা তিনটা পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা হয়নি। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।
খবরওয়ালা/এসআর