খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ জুন ২০২৫
ঈদুল আজহার দীর্ঘ ছুটি এখনও পুরোপুরি শেষ না হলেও রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। যানজট ও ভিড় এড়াতে ছুটি শেষে গড়িমসি না করেই তারা ফিরছেন নিজেদের কর্মস্থলে। আজ বুধবার (১১ জুন) সকাল থেকে ঢাকার বিভিন্ন প্রবেশপথে ফিরতি মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
সরেজমিনে সায়েদাবাদ, যাত্রাবাড়ী, গাবতলী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে কর্মজীবীরা রাজধানীতে ফিরছেন। এখনো ফিরতি যাত্রার চাপ পুরোপুরি শুরু হয়নি, তবে আগেভাগে ফিরতে শুরু করেছেন অনেকে।
যশোর থেকে আসা ব্যাংক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, “ছুটির একেবারে শেষের দিকে আসলে টিকিট পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। তখন মানুষের চাপও বেশি থাকে, যানজটও হয়। তাই আগেই ফিরছি।”
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শরিফুল ইসলাম জানান, “১০ দিনের ছুটি পেয়েছিলাম। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন শেষে আজই ফিরলাম। ঢাকায় ভিড় ও জ্যামের কথা মাথায় রেখেই একটু আগে এসেছি। কর্মস্থলে দেরি হলে বসের রাগ শুনতে হয়।”
সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায়, দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে আসা যাত্রীরা স্বস্তিতেই ঢাকায় পৌঁছেছেন। পটুয়াখালী থেকে আসা যাত্রী মাহমুদা বেগম বলেন, “ভেবেছিলাম অনেক ভিড় হবে, কিন্তু আজকে রাস্তাঘাট ফাঁকাই ছিল। যে পথ এক ঘণ্টা লাগে, তা মাত্র ২০ মিনিটেই এসেছি।”
বাস কাউন্টারের কর্মীরা জানান, গতকাল থেকেই ফেরা শুরু হয়েছে। তবে এখনো বড়সড় চাপ তৈরি হয়নি। তারা ধারণা করছেন, মূল ফিরতি চাপ শুরু হবে আগামী শুক্র ও শনিবার থেকে।
অনেকে যদিও ছুটির শেষ দিন পর্যন্ত গ্রামে থাকতে চান, তবে যানজট ও কর্মক্ষেত্রে সময়মতো উপস্থিত থাকার বিষয়টি বিবেচনায় রেখে একাংশ আগেভাগেই রাজধানীতে ফিরছেন। এ প্রক্রিয়া আগামী কয়েক দিন জুড়ে চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
খবরওয়ালা/ এমএ জেড