খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একতরফা নির্বাচনের আয়োজন করতে উঠেপড়ে লেগেছে। শেখ হাসিনার স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকার পার পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১২ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, দেশের প্রায় ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাদ দিয়ে কোনো নির্বাচনই দেশ বা বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না।
বিজ্ঞপ্তিতে জি এম কাদের আরও বলেন, ‘এমন নির্বাচন কখনোই অবাধ ও সুষ্ঠু হিসেবে বিবেচিত হতে পারে না। এতে বৃহৎ জনগোষ্ঠী ভোটদানে অনাগ্রহী হয়ে পড়ে, ফলস্বরূপ প্রকৃত ভোটার উপস্থিতি কমে যায়। অনুপস্থিত ভোটারদের ভোট কুক্ষিগত করতে অর্থ, পেশিশক্তি ও প্রশাসনিক প্রভাব কাজে লাগিয়ে জাল ভোট প্রয়োগ করা হয়।’
তিনি সতর্ক করে বলেন, ‘এ ধরনের নির্বাচন বৈধ সরকার গঠনের পথে বাধা হয়ে দাঁড়াবে এবং রাজনৈতিক স্থিতিশীলতাও আসবে না। বর্তমান অর্থনৈতিক সংকট ও আইনশৃঙ্খলার অবনতিও থামবে না—বরং দেশ চরম বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে।’
এদিন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আলমগীর শিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা, জহুরুল ইসলাম জহির, মনিরুল ইসলাম মিলন, জসীমউদ্দিন ভূঁইয়া, আরিফুর রহমান খান প্রমুখ।
এ ছাড়া সভায় ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, ইঞ্জিনিয়ার মইনুল রাব্বি চৌধুরী রুম্মন, ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক এবং মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেনসহ বিভিন্ন উপজেলার নেতারা।
খবরওয়ালা/আরডি